
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় নারী, শিশু এবং বিশেষ করে গর্ভবতী নারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, দুর্যোগের সুযোগে যেন কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
এদিকে উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন এবং চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।